বিএন টিভি ২৪,রিপোর্টার :সোমবার, ০৮ ডিসেম্বর,
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তাজনিত কার্যক্রম পরিচালনার কারণে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ সোমবার (৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ মো. আনোয়ার খান আনু।
কর্তৃপক্ষের জারি করা নোটিশে জানানো হয়, রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং নিরাপত্তাব্যবস্থা জোরদারের অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকবে। ৬ ডিসেম্বর শনিবার থেকে আগামী ১৫ ডিসেম্বর সোমবার পর্যন্ত মোট ১০ দিন জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান আনু বলেন, বিজয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্মৃতিসৌধ এলাকায় প্রয়োজনীয় প্রস্ততি। এ জন্যই সীমিত সময়ের জন্য প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দর্শনার্থীদের সাময়িক ভোগান্তির জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে জানিয়ে তিনি আরো বলেন, এ বিষয়ে আমরা দর্শনার্থীদের সহযোগিতা কামনা করছি। এ ছাড়া বিজয় দিবসকে ঘিরে স্মৃতিসৌধ এলাকা পরিপাটি ও নিরাপদ রাখতে প্রস্ততিমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।