প্রতিনিধি:আবিদুর রহমান আলিফ
বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, ফেলোশিপ ও উচ্চশিক্ষার সুযোগ নিয়ে যাওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের সাফল্য উদযাপন, তাঁদের অর্জনকে স্বীকৃতি প্রদান এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি সংযোগ গড়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক দপ্তর (The Office of International Affairs)।
এ উদ্যোগের আওতায় গত দুই বছরে উচ্চশিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশে যাওয়া ৬৭ জন গ্র্যাজুয়েট ইতোমধ্যে নিবন্ধন করেছেন। তাঁদের স্কলারশিপ/ফেলোশিপ, উচ্চশিক্ষার প্রোগ্রাম, বিশ্ববিদ্যালয় ও গন্তব্য দেশসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে একটি KU Global Scholars Network গড়ে তোলা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ৬ সেপ্টেম্বর (রবিবার) চলতি মাসে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে যাত্রা করতে যাওয়া ছয়জন গ্র্যাজুয়েটকে নিয়ে আন্তর্জাতিক বিষয়ক দপ্তর আয়োজন করে `Coffee with KU Global Scholars’। আন্তরিক ও অনানুষ্ঠানিক এ আয়োজনে তাঁদের সাফল্য উদযাপন, উচ্চশিক্ষার যাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা শোনা এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃতী গ্র্যাজুয়েটদের অভিনন্দন ও ভবিষ্যৎ পথচলার জন্য শুভ কামনা জানান খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি আয়োজন ও সমন্বয় করেন আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। এ নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত KU গ্র্যাজুয়েটদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটি সক্রিয় ও দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি তাঁদের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সংযোগ ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হবে। এটি বর্তমান শিক্ষার্থীদের আন্তর্জাতিক স্কলারশিপ ও উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং বিদেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে নতুন একাডেমিক ও গবেষণা সংযোগ তৈরিতেও ভূমিকা রাখবে। বিদেশে অবস্থানরত Global Scholars-দের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে Letter of Appreciation & Congratulations পাঠিয়ে তাঁদের অর্জনকে সম্মান ও অভিনন্দন জানানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বিষয়ক দপ্তর KU Global Scholars Network-কে আরও বিস্তৃত করতে আগ্রহী। গত দুই বছরে আন্তর্জাতিক স্কলারশিপ, ফেলোশিপ বা উচ্চশিক্ষার সুযোগ নিয়ে বিদেশে যাওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের যেসব গ্র্যাজুয়েট এখনো নিবন্ধন করেননি, তাঁদের এই নেটওয়ার্কে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হয়েছে।
KU Global Scholars Network-এ নিবন্ধন এর লিংক
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScczHZ2AgMgyK_J6Z2S0UyXae6cEeTxvpIXpkUKhjaFWifbzg/viewform?usp=publish-editor
পাশাপাশি, খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও পেশাগত অগ্রগতির তথ্য সংগ্রহের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম Tracer Study এর কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল অ্যালামনাইকে এই গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক গবেষণায় অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ একাডেমিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক বিষয়ক দপ্তর কর্তৃক অনুরোধ জানানো হয়েছে।
KU Tracer Study-তে অংশগ্রহণ এর লিংক https://docs.google.com/forms/d/e/1FAIpQLScEfgffta9JGiNIF0EcXGc72Pbw8yRdyk8hh7KVX1JsvYh4Qg/viewform?usp=header