কয়রা (খুলনা) প্রতিনিধি:আলামিন ইসলাম
খুলনার কয়রায় সুন্দরবন থেকে পাচারের সময় ১৪৫ কেজি হরিণের মাংসসহ একটি ডিঙ্গি নৌকা জব্দ করেছে বন বিভাগ। তবে অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা হরিণের মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনে বন্যপ্রাণী সংরক্ষণ ও অবৈধ শিকার-পাচার বন্ধে নিয়মিত টহলের অংশ হিসেবে শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে নলিয়ান ফরেস্ট রেঞ্জের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রেঞ্জার আল আমিন ইসলামের নেতৃত্বে হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেনসহ বন বিভাগের একটি টহল দল বোতলখালী খাল এলাকায় অভিযান চালায়।এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ডিঙ্গি নৌকা, ১৪৫ কেজি হরিণের মাংস এবং হরিণের মাথা ও পা উদ্ধার করা হয়। উদ্ধার করা হরিণের মাংস আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কয়রা উপজেলা আদালত চত্বরে নেওয়া হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে মাংসগুলো মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত নৌকা ও হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। হরিণ শিকার ও মাংস পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।