নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও:-কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীতে অবৈধভাবে ফসলী জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মাটি পরিবহনে ব্যবহৃত তিনটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়।বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের মুসলিম বাজারসংলগ্ন পার্শ্ববর্তী ফসলি জমিতে এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেনজানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ফসলী জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিভিন্ন ইটভাটা ও অন্যান্য স্থানে পাচার করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মাটিসহ তিনটি ডাম্পার জব্দ করা হয়।পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধ স্বীকার করায় গাড়ির মালিক তিনজনকে তাৎক্ষণিক অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, তারেকুল ইসলাম,আবু তাহের ও মো. রিশান। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনায় ঈদগাঁও থানার পুলিশ সদস্য, গ্রাম পুলিশ এবং পোকখালী ইউনিয়নের সচেতন জনসাধারণ সহযোগিতা প্রদান করেন।উপজেলা প্রশাসন ঈদগাঁওবাসীর স্বার্থ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায়।