জি,এম,ফিরোজ, ডুমুরিয়া:-পানের বরজের আড়ালে গড়ে তোলা হয়েছিল গাঁজার বাগান! খুলনার ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামে অভিযান চালিয়ে ৪৫ কেজি ওজনের তিনটি গাঁজাগাছ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজাগাছের বরজমালিক হাসেম আলী সরদার (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।শুক্রবার (৬ নভেম্বর) সকালে মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন ফাঁড়ির ইনচার্জ এসআই নুর আলম। উদ্ধার করা গাঁজাগাছ তিনটির উচ্চতা যথাক্রমে ১৮, ১৫ ও ১২ ফুট। গাছগুলোর মোট ওজন ৪৫ কেজি বলে জানিয়েছে পুলিশ।আটক হাসেম আলী সরদার ওই পানের বরজের মালিক বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই নুর আলম। তিনি জানান, অভিযান শেষে গাঁজাগাছসহ আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।পানের বরজে এত বড় আকারের গাঁজাগাছের সন্ধান পাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পানের আড়ালে গাঁজা চাষের বিষয়টি কীভাবে চলছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।