স্টাফ রিপোর্টার,এস মেহেদী হাসান,খুলনা:খাল ও নদী খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন খুলনা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আলি আসগার লবি। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর ওয়াদা আমরা অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। বর্তমান সরকার জনবান্ধব সরকার, কৃষকের সরকার এবং মানুষের সরকার।”
শনিবার দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার সালতা নদী খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এমপি আলি আসগার লবি বলেন, ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনের মাধ্যমে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “আমরা হাটি হাটি পা পা করে উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি।”তিনি আরও বলেন, জনতার শক্তিই বিএনপির মূল শক্তি এবং জনগণের কল্যাণে আমরণ কাজ করে যাওয়াই তার অঙ্গীকার। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, “আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি, তাই কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না।”
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাউবো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিএম আব্দুল মোমিন এবং ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহেল কাফি সখা, ইউপি চেয়ারম্যান মাহাবুব, অ্যাডভোকেট নয়ন, গাজী আব্দুল হালিম, সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান হাফিজ, গাজী মনিরুজ্জামান সোহাগসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।উদ্বোধনী অনুষ্ঠান শেষে এমপি আলি আসগার লবি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি সরকারি উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, “লোভ-লালসার ঊর্ধ্বে থেকে জনগণের কল্যাণে কাজ করতে হবে। মনে রাখতে হবে আমরা জনগণের সেবক, জনগণের শাসক নই।”