প্রতিনিধি :আবিদুর রহমান আলিফ
বহুল প্রত্যাশিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ৭ সেপ্টেম্বর বেলা ১১টা ২০ মিনিটে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থানে তিনি আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।দীর্ঘদিনের প্রত্যাশিত এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচনের পথে আরেক ধাপ এগিয়ে গেল। জেলার শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।এর আগে রোববার ৬ সেপ্টেম্বর দুপুরে দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি নিজ জেলা ঠাকুরগাঁওয়ে তার প্রথম সফর।রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে। সেখানে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে স্বাগত জানানো হয়। পরে তিনি সার্কিট হাউজে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।সার্কিট হাউজের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণ করেন।পরে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেন রাষ্ট্রপতি। সেখানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে স্বাগত জানান এবং জেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন।রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিশেষ করে নিজ জেলায় রাষ্ট্রপতি হিসেবে তার প্রথম সফর এবং বহুল প্রত্যাশিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।সোমবার নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের স্থানে পৌঁছে রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মাধ্যমে ঠাকুরগাঁওয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে আরও দৃশ্যমান হলো।
মন্তব্য করুন