নিজেস্ব প্রতিনিধি :অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে থেকে কেউ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না, এমনকি ভোটের প্রচারেও অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম।মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।আনোয়ারুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ভোটে অংশ নিতে পারেন বলে কিছুদিন ধরে আলোচনা চলছিল। এমনকি তফসিল ঘোষণার প্রাক্কালে তাঁদের সরকার থেকে পদত্যাগেরও আভাস পাওয়া গেছে।তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, সরকারের পদে থেকে নির্বাচনী প্রচার করা যাবে না। প্রচার করা না গেলে তো প্রার্থীও হতে পারবেন না। কাজেই সরকারের কোনো পদে থেকে কেউ প্রার্থী হতে পারবেন না।নির্বাচনের প্রস্তুতি নিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ইসির সব প্রস্তুতি সম্পন্ন। তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার। এর জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করে রেখেছে ইসি। আসন বিন্যাস, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারদের প্রজ্ঞাপন, মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি নিয়োগ, বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ, মনিটরিং সেল গঠন, আইন-শৃঙ্খলার সেল গঠন—এগুলোর ফরমেটগুলো রেডি রয়েছে।এদিকে, অপর নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ বলেছেন, তফসিল ঘোষণার পূর্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ইসির দায়িত্ব নয়। আনুষ্ঠানিকভাবে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির দায়িত্ব আসবে তফসিল ঘোষণার পর। তিনি আরও জানান, চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক থাকবে না।
মন্তব্য করুন