ডুমুরিয়া, নিজস্ব প্রতিনিধি জি,এম,ফিরোজ
ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডি নির্বাচনকে সামনে রেখে আন্দুলিয়া দেড়ুলি, রঘুনাথপুর, কোমরাইল, টোলনা, ধামালিয়াসহ বিভিন্ন এলাকার অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে অবিরাম প্রচারণা ও প্রতিযোগিতা। এরই মধ্যে নির্বাচন ঘিরে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নিজেদের প্যানেলের জন্য ভোট চাইছেন। পাশাপাশি নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।৪ বছর পর ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক পদে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ঐতিহ্যবাহী বিদ্যালয়টি ১৯৮৫ সালে এমপিওভুক্ত হয়। ৬ শতাধিক শিক্ষার্থী অনুকূলে ভোটার সংখ্যা ৫০৯জন। এদিকে নির্বাচনকে সামনে রেখে ২টি প্যানেলে ১০জন প্রার্থী অভিভাবকদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। দুটির একটি প্যানেলের প্রার্থীরা হলেন কৃষ্ণনগর গ্রামের অসীম মণ্ডল, কোমরাইল গ্রামের এড, আছাদ আলী সরদার, আন্দুলিয়া গ্রামের আব্দুল হালিম শেখ, কোমরাইল গ্রামের সরদার কায়েস জাহাঙ্গীর এবং সংরক্ষিত মহিলা পদে রাবেয়া বেগম। অপর প্যানেলে কোমরাইল গ্রামের তরিকুল ইসলাম, আন্দুলিয়া গ্রামের মোঃ মাইদুল ইসলাম, কৃষ্ণনগর গ্রামের মহানন্দ কুমার মল্লিক, দেড়ুলী গ্রামের শিবাজী সরকার এবং সংরক্ষিত মহিলা পদে আন্দুলিয়া গ্রামের কুলসুম খাতুন লড়ছেন। কেউ কেউ আবার প্যানেল ছাড়াও পৃথকভাবে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে। প্যানেল ভিত্তিক প্রচারণায় অংশ নিচ্ছেন অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রচার-প্রচারণার সময় কথা হয় একাধিক অভিভাবকের সঙ্গে। অভিভাবকদের প্রত্যাশা নির্বাচিত ব্যক্তিরা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ এবং একটি আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করবেন।অভিভাবক পদের প্রার্থী কোমরাইল গ্রামের এড, আছাদ আলী সরদার বলেন, শিক্ষার মান-শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ বজায় রাখতে আমাদের মতো শিক্ষাণুরাগীকে প্রয়োজন। একই কথা বলেছেন অপর প্যানেলের প্রার্থী মোঃ মাইদুল ইসলাম মুকুল। শুধু এড. আছদ আলী সরদার কিংবা মাইদুল নয়, বেশিরভাগ অভিভাবকরা বলছেন, আমাদের সন্তানদের সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা দিতে পারবেন, এমন প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে চাই। ধামালিয়া গ্রামের বিশিষ্ট শিক্ষাণুরাগী আব্দুল হাই জোয়ার্দার বলেন, এতকিছু বুঝিনা, যারা সৎ, যোগ্য ও ভালো মানুষ আমরা তাদের হাতে স্কুল পরিচালনার দায়িত্ব দিতে চাই। কথা হয় শিক্ষাণুরাগী ও ও সাবেক সভাপতি বাচ্চু সরদারের সঙ্গে। তিনি বলেন, আমি ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, শিক্ষার্থীদের কল্যাণ ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্য নিয়ে ইতোপূর্বে কাজ করেছি। যারাই নির্বাচিত হবেন সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। সকল সম্মানিত অভিভাবকের কাছে আমার বিনীত অনুরোধ, যোগ্যতা বিবেচনা করে আপনাদের মূল্যবান ভোট দিয়ে সেবার সুযোগ করে দিন। আসন্ন গভর্নিং বডি নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণা অব্যাহত রয়েছে। নির্বাচনের মাধ্যমে অভিভাবকদের ভোটে গঠিত হবে নতুন গভর্নিং বডি, যারা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন নীতিগত ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফুন্নেসা খাতুন বলেন, আশা করছি ৪ বছর পর বিদ্যালয়ে একটি উন্নয়নমুখী এবং যোগ্য কমিটি নির্বাচিত হবে। তারা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করবেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস জানান, আগামী ২০ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে । আশা করি শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে যাবতীয় কার্যক্রম চালানো হচ্ছে।
মন্তব্য করুন