নিজেস্ব প্রতিনিধি:আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত মনোনয়ন প্রদান করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের তালিকা নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠিয়েছে।সংশ্লিষ্ট চিঠিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের ৩০০টি সংসদীয় আসনে এই বিচারকরা দায়িত্ব পালন করবেন।মনোনয়নপত্র অনুযায়ী, ভোটগ্রহণের আগের দুই দিন, ভোটের দিন এবং ভোট গ্রহণের পরের দুই দিন—এই পুরো সময়জুড়ে তারা নির্বাচনি অপরাধের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। অর্থাৎ ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা মাঠপর্যায়ে দায়িত্বে থাকবেন।চিঠিতে আরও উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৬৫৭ জন বিচারককে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তাদের নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে।নির্বাচনের সময় দায়িত্বপ্রাপ্ত এসব জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনি অপরাধ আমলে নিতে পারবেন এবং সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত রায় প্রদান করবেন। একই সঙ্গে তারা গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় সংঘটিত অপরাধের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের ক্ষমতা পাবেন।
মন্তব্য করুন