ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি–খুলনার তেরখাদা উপজেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকালে উপজেলার কোলা পাটগাতী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তেরখাদা থানা, খুলনার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম।
সমাবেশে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং তা প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সাধারণ মানুষকে অপরাধের বিরুদ্ধে সোচ্চার হয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।সমাবেশে উপস্থিত সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি বিভিন্ন প্রশ্ন ও মতামত গ্রহণ করা হয়। এলাকাবাসী মারামারি, চাঁদাবাজি, লুটপাট, জমি দখলসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাতের কারণে এলাকার প্রায় ৫০টি পরিবার নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান করছে এবং নিরাপত্তাহীনতার কারণে তারা বাড়িতে ফিরতে পারছে না।
এ সময় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরাও তাদের বক্তব্যে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সমাবেশে রাজনৈতিক নেতা নান্টু, কুদ্দুস শেখ, ওয়াদুদ মাস্টার ও অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ অনেকে বক্তব্য দেন। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসনের পাশাপাশি জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে অংশগ্রহণকারী অনেকেই লিখিত আকারে নিজেদের অভিযোগ ও সমস্যার বিবরণ একটি অভিযোগ বক্সে জমা দেন। এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
সুধী সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের জনসম্পৃক্ত উদ্যোগের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আস্থা ও সহযোগিতা বাড়বে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
—
মন্তব্য করুন