নিজস্ব প্রতিবেদন : খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে রাসিকুল আনাম রাসু নামে এক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে দৌলতপুর থানার কেডিএ কল্পতরু মার্কেট সংলগ্ন তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। নিহত রাসিকুল আনাম রাসু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। পাশাপাশি তার নিজস্ব ইট ও বালুর ব্যবসা ছিল।৷ প্রত্যক্ষদর্শীরা জানান,বেলা সাড়ে ১১টার দিকে একটি মোটরসাইকেলে করে আসা দুজন সন্ত্রাসী রাসুর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় তাকে পরপর তিনটি গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে সন্ত্রাসীরা দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বর্তমানে নিহত রাসুর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে ও হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান চলছে জানিয়েছে খুলনা মেট্রোপলিটেশন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
মন্তব্য করুন