নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের ইলাইপুর এলাকায় এক ব্যবসায়ীর উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তাকে বেধড়ক কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। ঘটনার সময় ধাওয়া দিয়ে উত্তেজিত জনতা দুই সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেছে। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জনতা আগুনে পুড়িয়ে দিয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে ইলাইপুর গ্রামের ডাঃ আবু বকরের পুত্র শফিকুল ইসলাম টুটুল (৪০) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাকামের মোড় এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় আকস্মিকভাবে তিনটি মোটরসাইকেল যোগে ৭-৮ জনের একদল দুর্বৃত্ত টুটুলের উপর হামলা চালায়। এ সময় টুটুলকে হকিস্টিক দিয়ে মাথায় সজোরে আঘাত করে মারাত্মক জখম করে। টুটুলের আর্ত চিৎকারে উক্ত এলাকার লোক এগিয়ে এলে দু’টি মোটরসাইকেল যোগে ৫-৬ জন দৃর্বৃত্তরা পালিয়ে যায়। উক্ত সময় উত্তেজিত জনতা রূপসা উপজেলার বাগমারা গ্রামের মিরাজুল ইসলামের পুত্র ইনজামুল ইসলাম (২৬) এবং নৈহাটি গ্রামের ওহাব মল্লিকের পুত্র সাব্বির মল্লিক (২৫) কে আটক করে গণধোলাই দেয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি আগুনে জ্বালিয়ে দেয়। খবর পেয়ে থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং টুটুল কে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে ভুক্তভোগী টুটুলের ভাগ্নে ইমরান হোসেন জানান আকস্মিকভাবে আমার মামার উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ ব্যাপারে রূপসা থানা অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর জানান প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পূর্ব শত্র“তার জের ধরে টুটুলের উপর হামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন