সোমবার (২৪ নভেম্বর) দুপুরে কৃষ্ণপুর ইউনিয়নের মটুকচর গ্রামে স্থাপিত এ. বি. এম ব্রিকস–এ এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
অভিযানের সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. জিহাদ হোসেন, সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল হোসেনসহ একটি টিম।
পরিদর্শক জিহাদ হোসেন জানান, “এ. বি. এম ব্রিকস নামের ইটভাটাটির পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কোনো ছাড়পত্র নেই। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী জরিমানা করা হয়েছে।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, “পরিবেশগত ছাড়পত্র ছাড়াই নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলায় সংশ্লিষ্ট আইন অমান্য করে পরিচালিত অন্যান্য ইটভাটার বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্যের স্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
মন্তব্য করুন