নিজস্ব প্রতিনিধি খুলনার চাঞ্চল্যকর তাঁতিদল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার এজাহারভুক্ত ৩নং আসামি ফায়েক শেখকে (৪৩) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত ১৯:৫০ ঘটিকার দিকে এসআরবি-৬, সিপিসি এবং এসআরবি-৪, সিপিসির একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন ব্লক-ই, সেকশন-১২, রোড নং-৮/৭৭ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত ফায়েক শেখ খুলনার খালিশপুর থানার রায়েরমহল পশ্চিমপাড়ার শেখ ইদ্রিস আলীর ছেলে। মামলার বিবরণ থেকে জানা যায়, নিহত হুমায়ুন কবির খুলনা মহানগরীর তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত পহেলা নভেম্বর রবিবার সন্ধ্যায় তিনি নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তাঁর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ‘হিল ক্যান্টিন’ নামক ফাস্টফুড দোকানে বসেছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে ধৃত আসামি ফায়েক শেখসহ মামলার অন্যান্য আসামিরা ধারালো চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাঁতিদল নেতা হুমায়ুন কবিরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।পরে তাঁর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে সৈয়দ নূর আমিন বাদী হয়ে খুলনার আড়ংঘাটা থানায় ধৃত আসামিসহ অন্যান্যদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি আটক এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনার আসামিদের আইনের আওতায় আনতে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কেএমপির আড়ংঘাটা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন