পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নারীকে চাপা দিয়ে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনের ভেতরে ঢুকে পড়েছে একটি যাত্রীবাহী পরিবহন। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই রোকেয়া বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবহনের হেলপারও আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর-২৬) সকাল প্রায় ৬টার দিকে যশোর-চুকনগর সড়কের কেশবপুর উপজেলার মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে ঘটে। নিহত রোকেয়া বেগম উপজেলার মধ্যকুলে গ্রামের বাসিন্দা রেজাউল ইসলামের স্ত্রী। স্থানীয়দের ভাষ্য, সকালে যশোরমুখী একটি যাত্রীবিহীন পরিবহন দ্রুতগতিতে মধ্যকুল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। প্রথমে সড়কের পাশে হাঁটতে থাকা রোকেয়া বেগমকে চাপা দেয় গাড়িটি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পরিবহনটি রাস্তার অপর পাশে থাকা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনের অংশ ভেঙে ভবনের ভেতরে ঢুকে পড়ে। অল্পের জন্য রক্ষা পেল এতিমখানার শিক্ষার্থীরা। মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ গোলাম মোস্তফা জানান, ফজরের নামাজের পর প্রতিষ্ঠানে ১০–১২ জন শিক্ষক-শিক্ষার্থী অবস্থান করছিলেন। গাড়িটি ভবনে ঢুকে পড়লেও সৌভাগ্যবশত প্রতিষ্ঠানের ভেতরে থাকা কেউ হতাহত হননি। তবে ভবনের সামনের অংশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হেলপার আহত, চালক পলাতক।দুর্ঘটনায় পরিবহনের হেলপার মানিক ফকির (৪২) আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনার পরপরই পরিবহনের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছিলো। নিহত রোকেয়া বেগমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন