প্রতিনিধি:আবিদুর রহমান আলিফ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া (ইমন)। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া (ইমন)। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, জনপ্রশাসন সচিব, পিএসসির সদস্য, আমন্ত্রিত অতিথি ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, গত ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ড. নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নিয়োগ দিয়েছেন।সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত তিনি পিএসসির সভাপতি পদে বহাল থাকবেন। এর আগে গত ১৮ আগস্ট পিএসসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। তার পদত্যাগের পর চেয়ারম্যানের পদটি শূন্য হয়।অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের অক্টোবরে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় তৎকালীন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ সদস্য পদত্যাগ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মন্তব্য করুন