ডুমুরিয়া প্রতিনিধি :জি. এম. ফিরোজ
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে মোবাইল আসক্তি থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। সন্তানের লেখাপড়ার পাশাপাশি অতিরিক্ত মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণে অভিভাবকদের আরও সচেতন হওয়ার তাগিদ দেওয়া হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডুমুরিয়ার থুকড়া কাছারীবাড়ি আরআরজিটি মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গণে নবম শ্রেণির অভিভাবক সমাবেশে এসব কথা বলা হয়।সমাবেশে অভিভাবক সুব্রত কুমার মণ্ডল বলেন, তার ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনায় মোটামুটি ভালো হলেও মোবাইলের প্রতি তার আসক্তি রয়েছে। এ আসক্তি পরিহার করে পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার প্রয়োজন বলে তিনি মনে করেন।অপর অভিভাবক সইবা ঢালী তার কন্যা পায়েল ঢালীর পড়াশোনার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, সন্তানদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ রাখা জরুরি।সভায় বক্তারা বলেন, অতিরিক্ত মোবাইল ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ কমিয়ে দিতে পারে। তাই সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার থেকে তাদের বিরত রাখতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগ নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।সমাবেশে সভাপতিত্ব করেন বি. এম. আইয়ুব আহমেদ। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. বিদ্যুৎ আলম, শ্রেণিশিক্ষক মো. আব্দুল গফফার মোড়ল ও সহকারী শিক্ষক সোনিয়া সুলতানা।এ সময় অভিভাবকদের মধ্যে পংকজ মণ্ডল, মো. জসিম উদ্দিন, শেখ জাহাঙ্গীর আলম, বলাই কৃষ্ণ মণ্ডল, জান্নাতুল বেগম, দিপালী বিশ্বাস, জাকির গাজী, মো. মনির বিশ্বাস, শেখ ওসমান ও অজিত বৈরাগীসহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন