নিজস্ব প্রতিনিধি মোল্লা জাহাঙ্গীর আলম.
দিনদুপুরে নগরীর প্রাণকেন্দ্রে গুলির শব্দে কেঁপে উঠলো খুলনার বাগমারা এলাকা। হত্যার উদ্দেশ্যে ভাঙ্গারি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। ভাগ্যক্রমে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন তিনি।বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে নগরীর সদর থানাধীন বাগমারা মেইন রোডের মা মোটরসের দোকানে বসে কথা বলছিলেন ভাঙ্গারি ব্যবসায়ী আশিকুর রহমান (৩৫)। এ সময় মোটরসাইকেলে আসা দুই যুবক দোকানে ঢুকে আশিককে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে অল্পের জন্য রক্ষা পান তিনি। ঘটনার পরপরই হামলা কারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।আচমকা গুলির শব্দে দোকান ও আশপাশের লোক জন ছুটোছুটি শুরু করে। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, এভাবে প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনায় তারা আতঙ্কিত।খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা এবং কেন এই হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।গুলিবিদ্ধ হওয়া থেকে রক্ষা পাওয়া আশিকুর রহমান নগরীর ৮৪, শের-এ-বাংলা রোড হাজীবাড়ি মোড় এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি পেশায় ভাঙ্গারি ব্যবসায়ী।পুলিশ ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে।
মন্তব্য করুন