ডুমুরিয়া,নিজস্ব প্রতিনিধি জি. এম. ফিরোজ
দীর্ঘদিনের বেহাল গফ্ফার সড়ক সংস্কারে এবার ইজিবাইক মালিক সমিতির সঙ্গে মাঠে নেমেছেন আজ বুধবার বিভিন্ন পেশার মানুষ। সড়কের খানাখন্দ মেরামতের কাজে যোগ দিয়েছেন ডুমুরিয়া পূবালী ব্যাংকের ম্যানেজার, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ শাহাজান জমাদ্দার ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা। পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দরাও সংস্কারকাজে সহযোগিতার হাত বাড়িয়েছেন।ইজিবাইক মালিক সমিতির উদ্যোগে সড়কের ভাঙাচোরা অংশ ও বড় বড় খানাখন্দে মেরামতকাজ চলাকালে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এতে সড়ক দিয়ে চলাচলকারী ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের দুর্ভোগ কিছুটা কমবে বলে আশা করছেন স্থানীয়রা।দীর্ঘদিন ধরে সড়কটি খানাখন্দে পরিণত হয়ে বর্ষায় বিভিন্ন স্থানে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। স্থানীয়দের অভিযোগ, এতে প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগী ও কর্মজীবীরা চরম দুর্ভোগে পড়ছিলেন।এ সময় অংশগ্রহণকারীরা বলেন, জনগুরুত্বপূর্ণ সড়কটি স্থায়ীভাবে সংস্কার না হওয়া পর্যন্ত সম্মিলিতভাবে এর উন্নয়নে সহযোগিতা করা প্রয়োজন। স্থানীয়দের প্রত্যাশা, স্বেচ্ছাশ্রমে সাময়িক মেরামতের পাশাপাশি দ্রুত সরকারি উদ্যোগে গফ্ফার সড়কের পূর্ণাঙ্গ সংস্কার করা হবে।
মন্তব্য করুন