
শেখ মোঃ আব্দুল হামিদ, মৌলভীবাজার প্রতিনিধি: মানবিক, ন্যায়ভিত্তিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের প্রত্যয়ে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে ‘ন্যাশনাল তরিকত পার্টি (এনটিপি)’। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে সংগঠন বিস্তারের কার্যক্রম শুরু হয়েছে। একের পর এক জেলায় আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, চলতি বছরের ১৫ মে ২০২৬-এর মধ্যে কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। পাশাপাশি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত একটি সুসংগঠিত, সুশৃঙ্খল ও কার্যকর সাংগঠনিক কাঠামো নির্মাণের পরিকল্পনাও বাস্তবায়নের পথে।
দলটির চেয়ারম্যান শাহ সুফি জাহাঙ্গীর আলম চিশতী এবং মহাসচিব এস এম রশিদুল ইসলাম এক যৌথ বার্তায় দেশব্যাপী তরিকতপ্রেমী মানুষদের সংগঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন,“আমরা এমন একটি আদর্শভিত্তিক সংগঠন গড়ে তুলতে চাই, যা দেশের প্রতিটি জেলা, উপজেলা ও মহানগরে নৈতিকতা, মানবিকতা ও আত্মিক মূল্যবোধ ছড়িয়ে দেবে।”নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, সংগঠনের মূল লক্ষ্য হলো সৃষ্টিকর্তার নির্দেশিত পথে চলা এবং ওলি-আউলিয়াদের মানবিক আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করা। তাদের মতে, এই আদর্শ মানুষের মধ্যে সহমর্মিতা, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এছাড়াও সংগঠনটি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন, মাদক ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক অনৈতিকতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার ঘোষণা দিয়েছে। শিক্ষা উন্নয়ন, কৃষিখাতের অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো সামাজিক কর্মসূচিও তাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে।দলটির নেতৃবৃন্দ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন, দেশব্যাপী সংগঠন বিস্তারের মাধ্যমে একটি মানবিক, নৈতিক ও ইতিবাচক সমাজ গঠনের লক্ষ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব হবে।
মন্তব্য করুন