জি,এম,ফিরোজ,ডুমুরিয়া।
খুলনার ডুমুরিয়া উপজেলার চেচুড়িতে জমজমাট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটে চেচুড়ী উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে মিকশিমিল তারুণ্য একাদশকে ১–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেচুড়ি বন্ধু একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ এ খেলাকে ঘিরে মাঠে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।ডুমুরিয়ার চেচুড়ি গাবতলী ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন বর্ষণ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও ঠিকাদার মো. খলিলুর রহমান সরদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাবতলী ক্রীড়া সংঘের সহসভাপতি মো. রুবেল হোসেন গাজী।ফাইনালে দুই দলই জয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয়। শেষ পর্যন্ত ১–০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে চেচুড়ি বন্ধু একাদশ। অন্যদিকে রানার্সআপ হয় মিকশিমিল তারুণ্য একাদশ।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য প্রথম পুরস্কার হিসেবে রাখা হয় ১০ হাজার টাকা মূল্যের একটি খাসি ছাগল। রানার্সআপ দল পায় নগদ ৫ হাজার টাকা। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারি সুমন ফকির।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবতলী ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক মো. মুন্না হোসেন, মো. সাকিব শেখ, মো. তাজু হোসেন, মো. সজীব মোড়ল, অবসরপ্রাপ্ত ফায়ারম্যান আবুল কালাম মোড়লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, পারস্পরিক সম্প্রীতি বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন