নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের রাজধানী রিয়াদের মুসা সানিয়া এলাকায় একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) দুপুরে লাগা এই আগুনে দগ্ধ হয়ে এবং কারখানার ভেতর ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়।হতাহতদের স্বজন ও দূতাবাস সূত্রে জানা গেছে, ঘটনার সময় কারখানাটিতে মোট ১৭ জন বাংলাদেশি শ্রমিক কর্মরত ছিলেন। সৌভাগ্যবশত, তাদের মধ্যে হাবিবুর রহমান নামের এক শ্রমিক ওই সময় বাইরে সেলুনে থাকায় প্রাণে বেঁচে যান। বাকি ১৬ জন ভেতরে আটকা পড়ে মারা যান।খবর পেয়ে দেশটির ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টা চালিয়ে রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কারখানাটির ভেতর থেকে দগ্ধ ও নিথর দেহগুলো উদ্ধার করে স্থানীয় কিং সৌদ হাসপাতালের মর্গে পাঠানো হয়।নিহত ১৬ জন শ্রমিকের বাড়ি দেশের উত্তরাঞ্চলের তিন জেলায়। এর মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়, দুজনের বাড়ি নাটোরে এবং একজনের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। একটিমাত্র কারখানায় এতগুলো তাজা প্রাণ ঝরে পড়ার খবরে নিহতদের নিজ নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলোতে চলছে মাতম।এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার পর রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস তাৎক্ষণিকভাবে তৎপরতা শুরু করেছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের পরিচয় চূড়ান্তভাবে নিশ্চিতকরণ, স্থানীয় প্রশাসনের সাথে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সব ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সার্বিক সহায়তা প্রদানেও কাজ করছে দূতাবাস।
মন্তব্য করুন