নিজেস্ব প্রতিনিধি :পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম-এর সঙ্গে আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আসন্ন নির্বাচন-পূর্ব নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়।সাক্ষাৎকালে আইজিপি বাংলাদেশ পুলিশের সামগ্রিক সক্ষমতা উন্নয়নের ধারাবাহিক কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশ সদস্যদের নিবিড় ও বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।তিনি নির্বাচনে আইন-শৃঙ্খলা বজায় রাখতে আধুনিক প্রযুক্তি ব্যবহারসহ সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরেন।আইজিপি আরো বলেন, বিদেশি পর্যবেক্ষক ও কূটনৈতিক মিশনের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রটোকল গৃহীত হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বাংলাদেশ পুলিশের পেশাদারি ও নিরাপত্তা ব্যবস্থাপনায় নিশ্চিন্তে তাদের দায়িত্ব পালন করতে পারবেন।ফ্রান্সের রাষ্ট্রদূত সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তা, অপরাধ তদন্ত, প্রশিক্ষণ প্রদান এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে উভয় দেশের পুলিশ বাহিনীর মধ্যে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স নিরাপত্তা খাতে প্রযুক্তিগত সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়কে আরো সুসংহত করতে আগ্রহী। এ ছাড়া বৈঠকে মানবাধিকার ও গণতান্ত্রিক পুলিশি ব্যবস্থার মূলনীতি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশকে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে ফরাসী ন্যাশনাল পুলিশ ও জেন্ডারমেরির সঙ্গে বাংলাদেশ পুলিশের দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়েও মত বিনিময় করা হয়।
মন্তব্য করুন