নিজেস্ব প্রতিনিধি:বিএনপি চেয়ারপার্সনের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন বেশ কয়েকটি দেশের সরকারের প্রতিনিধিরা।ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার সরদার আইয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ এবং মালদ্বীপের উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ বাংলাদেশে এসেছিলেন।প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, সফররত এই নেতাদের মধ্যে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের।তবে সাক্ষাৎ হয়নি ভারত, ভূটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের প্রতিনিধিদের সঙ্গে। অন্য দেশগুলো নিয়ে তেমন আলোচনা না হলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়ার বিষয়টি নিয়ে নানা ব্যাখ্যা-বিশ্লেষণ সামনে আসছে।বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল আলম অবশ্য জানিয়েছেন, স্বল্প সময়ের এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ না হলেও আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক হয়েছে।এদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে আন্তঃরাষ্ট্রিয় সম্পর্ক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই ঠিক হবে বলে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকাররের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন।খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আগমনকে ‘ইতিবাচক জেসচার’ হিসেবে উল্লেখ করছেন তিনি; তবে এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে চলমান সম্পর্কের টানাপোড়েন দূর হবে কি না তা “ভবিষ্যতই বলে দেবে” বলেও মন্তব্য করেছেন মি. হোসেন।এছাড়া, খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে শোকবার্তা দিয়েছেন সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব নিয়ে দেওয়া বক্তব্যেরও চুলচেরা বিশ্লেষণ চলছে।বিএনপি চেয়ারপার্সনের প্রতি সম্মান জানাতে ভারত সরকারের উচ্চপদস্থ একজনের বাংলাদেশে আসা এবং দেশটির সরকারের দেওয়া শোকবার্তার মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারত তাদের অবস্থানের স্পষ্ট ইঙ্গিত দিয়েছে বলেই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকে।তবে তারা এটাও মনে করছেন, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক দূরত্বের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে এর মধ্য দিয়ে।বুধবার খালেদা জিয়ার জানাজা ও দাফনের দিনে তারেক রহমানের প্রতি সমবেদনা জানিয়ে তার হাতে নিজ নিজ সরকারের পক্ষে শোকবার্তা তুলে দেন ভারত, পাকিস্তান, নেপাল, ভূটানের প্রতিনিধিরা।এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমানকে আলাপ করতেও দেখা গেছে।অন্যদিকে পাকিস্তানের স্পিকার সরদার আইয়াজ সাদিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন।এরপরই এস জয়শঙ্কর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা কেন করলেন না, সেই প্রশ্ন সামনে আসে।বৃহস্পতিবার সাংবাদিকদের এই প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই ঠিক হবে।”ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, তার সফর সংক্ষিপ্ত ছিল। কিন্তু উনি পুরো অনুষ্ঠানেই অংশগ্রহণ করেছেন, তারপর ফেরত চলে গেছেন।”জঙ্গল সঙ্গে একান্ত বৈঠক হয়নি জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের মধ্যে ওয়ান টু ওয়ান কথাবার্তা হয়নি। সে রকম সুযোগও সৃষ্টি হয়নি। অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন- পাকিস্তানের স্পিকার ছিলেন, তার সঙ্গেও তিনি (জয়শঙ্কর) হাত মিলিয়েছেন। এটা কার্টেসি, যেটা সবাই মেনে চলে”।তার সঙ্গে আমার যেটুকু কথা হয়েছে, সেখানে রাজনীতি ছিল না। একেবারেই সৌজন্যবোধ, অন্য সবার সামনে, ফলে দ্বিপাক্ষিক ইস্যু আলোচনার সুযোগ ছিল না,” বলেন তিনি।জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজায় অংশ নেন অগনিত মানুষ।বিএনপির দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেমন ছিলেন, তেমনি তার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিরাও।খালেদা জিয়ার প্রতি সম্মান জানানো এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে কয়েকটি দেশ বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক এগিয়ে নিতে একটি কূটনৈতিক বার্তাও দিয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।বিশেষ করে নানা মহলের আলোচনায় গুরুত্ব পাচ্ছে প্রতিবেশী দেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশ সফর।খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তা এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে সফরকে দুই দেশের সম্পর্ক মেরামত করার পদক্ষেপ হিসেবেই দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন।বিবিসি বাংলাকে তিনি বলছেন, “গত দেড় বছর ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ ইমোশন বুঝতে যে ভারত ভুল করেছিল, এটা তারই একটা ডেমন্সট্রেশন যে তারা ফাইনালি এটা বুঝতে পেরেছে।”তবে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা না হওয়ার বিষয়টি নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই বলেই মনে করেন মিজ ইয়াসমিন।তিনি বলছেন, “প্রধান উপদেষ্টা কেন দেখা করেননি এটা অনুমান করা যেতে পারে, হয়তো সময়ের বিষয় ছিল। এছাড়া জয়শঙ্কর উনি কার কার সঙ্গে দেখা করেছেন, তারও সময় ছিল কি না, দুই দিক থেকে দেখতে হবে।”তবে এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্ক না থাকার বিষয়টি আরো স্পষ্ট হয়েছে বলেই মনে করেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ।মি. আহমেদের মতে, ভারত যে বাংলাদেশের সঙ্গে একটি সুসম্পর্ক রাখতে চায় সেটিও দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্য দিয়ে নয়াদিল্লি বোঝাতে চেয়েছে।
মন্তব্য করুন