ঈদগাঁও, নিজস্ব প্রতিনিধি
পাহাড়ী জনপদ ঈদগড়ের বরইচর এলাকার ঈদগড় বড় খালে সেতু না থাকায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।স্থানীয়রা জানান,রাঙ্গাঝীরি এবং আশপাশের এলাকার মানুষের চলাচলের জন্য এই পথটি গুরুত্বপূর্ণ। কিন্তু বড় খালের ওপর কোন সেতু না থাকায় বর্ষাকালে খাল পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।প্রয়োজনের তাগিদে স্থানীয় বাসিন্দাদের অনেক সময় পানি দিয়ে হেঁটে খাল পার হতে হয়। এতে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও শিক্ষার্থীদের দুর্ভোগ সবচেয়ে বেশি।কয়েকজন স্থানীয় বাসিন্দা হাঁটু সমান পানির মধ্যদিয়ে খাল পারাপার হচ্ছেন। এমনকি গবাদি পশুও একইভাবে খাল পারাপার করতে হয়। এতে দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি দৈনন্দিন যাতায়াত ও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।স্থানীয় বাসিন্দা শাহাব উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে এখানে একটি সেতুর প্রয়োজনীয়তা হলেও এখনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে বাইশারী রাঙ্গাঝীরি এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে বলে তিনি আশা করছেন।
মন্তব্য করুন